Amitav Reza। নির্মাতা। সম্প্রতি 'আয়নাবাজি অরিজিনাল সিরিজ' নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। সাত পর্বের এ টিভি সিরিজটি নির্মাণ করবেন জনপ্রিয় তিন নির্মাতা। টিভি সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি-
চলচ্চিত্র থেকে টিভি সিরিজ নির্মাণের ভাবনাটা এলো কী করে?
চলচ্চিত্র থেকে টিভি সিরিজ নির্মাণ; এটা আমার একার কোনো ভাবনা নয়। পুরো টিমের মিলিত একটা প্রয়াস, যা আমরা বাস্তবায়নের লক্ষ্যে নেমেছি। পশ্চিমা বিশ্বে চলচ্চিত্র থেকে টিভি সিরিজ নির্মাণের ঘটনা অহরহ। 'অ্যাশ ভার্সেস এভিল ডেড', 'টেকেন', 'মর্টাল কমব্যাট', 'লিমিটলেস'সহ এমন অনেক ব্যবসাসফল ছবিই টিভি সিরিজ হিসেবে তৈরি হয়েছে। শুধু বাংলাদেশে এটি প্রথম। তাই সবাই মিলে বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছি।
'আয়নাবাজি' চলচ্চিত্রের মতো এটিও কি সাড়া ফেলতে পারবে?
চলচ্চিত্র ও টিভি দুই মাধ্যম। আর এ দুই মাধ্যমে গল্প বলার ধরনও ভিন্ন। 'আয়নাবাজি'র সঙ্গে এই সিরিজের তুলনা করলে হবে না। কোনো কিছু নির্মাণের আগে, তা দর্শকমহলে কেমন সাড়া ফেলবে বা কতটুকু হিট হবে এমন ভাবনা আমার কখনই ছিল না। এই সিরিজের প্রতিটি গল্পই দারুণ। আমাদের কাজ হবে এগুলো যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলা। আমরা সে চেষ্টাই করব। বাকিটা দর্শক বলবেন। গল্পগুলো তাদের পছন্দ হলেই, আমাদের কাজ সার্থক।
সাতটি পর্বেই কি 'আয়নাবাজি' চলচ্চিত্রের আবহ পাওয়া যাবে?
না, আগেই বলেছি, 'আয়নাবাজি' চলচ্চিত্রের সঙ্গে এর তুলনা করা ঠিক হবে না। এটি একটি টিভি সিরিজ, যা ফুটিয়ে তোলা হয়েছে তার মতো করেই। এতে চলচ্চিত্রের আবহ খোঁজা বা আশা রাখা হবে বোকামি। সিরিজগুলোর প্রেক্ষাপট, ঘটনা ও চরিত্র সবই ভিন্ন। সাতজন নির্মাতা গল্পগুলো সাতটি পর্বে তুলে ধরবেন। আর আমি থাকছি ডিরেক্টরিয়াল কনসালট্যান্ট হিসেবে।
প্রতিনিয়তই প্রেক্ষাগৃহে নতুন নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। তবে ছবিগুলো খুব একটা সাড়া জাগাতে পারছে না। এর কারণ কী বলে আপনি মনে করেন?
একটি চলচ্চিত্র তখনই দর্শকমহলে সাড়া ফেলবে, যখন এর গল্প, নির্মাণশৈলী, চরিত্র, উপস্থাপন সব কিছুই তাদের পছন্দ হবে। অনেক সময় সব কিছু ঠিক থাকার পরও দর্শকমহলে হিট হয় না। ছবি হিট হওয়া নির্ভর করে দর্শকদের ওপর। তবে গল্প, নির্মাণ, চরিত্র, উপস্থাপন ভালো হলে ছবি হিট হওয়ার সম্ভবনা বেশি থাকে।


No comments:
Post a Comment