অবশেষে সেন্সর (sensor) ছাড়পত্র পেতে যাচ্ছে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’। সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে এবং তা মেনেও নিয়েছেন পরিচালক।
সেন্সর বোর্ড বুধবার ছবিটি নিয়ে বৈঠক করে, সেখানে সদস্যরা কিছু দৃশ্যের ভয়াবহতা ও সংলাপ নিয়ে আপত্তি জানান। পরে পরিচালককে একটি চিঠির মাধ্যমে ভয়াবহতা কমাতে ও সংলাপ সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন, ‘ছবিতে বেশ কিছু জিনিস অতিরিক্ত পরিমাণে দেখানো হয়েছে, যা দর্শক মনে বিরূপ প্রতিক্রিয়া ঘটাতে পারে। এখন দৃশ্যগুলো ছবিতে থাকতে পারে, কিন্তু পরিমিত পরিমাণে। এখন তারা নতুন করে সিডি জমা দিক, তখন আশা করি ছাড়পত্র দিতে আমাদের কোন সমস্যা থাকবে না।’
‘ভয়ংকর সুন্দর’ পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘বোর্ড থেকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সে অনুযায়ী ছবি জমা দিয়েছি আজ (বৃহস্পতিবার)। ছাড়পত্র হাতে পেয়ে প্রযোজক-পরিবেশক সমিতিতে মুক্তির তারিখের জন্য আবেদন করব।’
মাসখানেক আগে সিনেমাটি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ট্যাক্স সংক্রান্ত জটিলতার মুখে পড়ে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সে সমস্যার সমাধান করেন নির্মাতা।
মতি নন্দীর ‘জল ও ঘূর্ণির বকবক’ গল্প অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ নির্মিত হয়েছে। কলকাতার পরমব্রতর বিপরীতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্মস লি.।


No comments:
Post a Comment