আগামী ৩১ মার্চ মুক্তি (Release) পাচ্ছে মিজানুর রহমান লাবুর চলচ্চিত্র 'নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার'।
এ উপলক্ষে গতকাল [সোমবার] বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছুদিন আগেই বিনা কর্তনে ছবিটি সেন্সর সনদ লাভ করে। এ ছাড়া সেন্সর সদস্যরা ছবিটি দেখে দারুণ প্রশংসা করেছেন। চলচ্চিত্রে নুরু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু আর বিউটি চরিত্রে ক্যামেলিয়া রাঙা। আরও অভিনয় করেছেন শিমুল খান, শাহাদত, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ, পলি কুজুর প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন মিজানুর রহমান লাবু। গল্পে দেখা যাবে, অলস নুরু মিয়া জীবনযাপনের পথ হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। সারাদেশ ঘুরে ভিক্ষা করেন। ঘটনাক্রমে নুরু মিয়ার সঙ্গে পরিচয় হয় বিউটির। তিনি হন তার ঠেলাগাড়ির ড্রাইভার। এভাবেই এগিয়ে চলে ঘটনা।


No comments:
Post a Comment