'হৃদয় জুড়ে' ছবির মহরতে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।
গতকাল দুপুরে তিনি ঢাকায় পা রাখেন। আজ সন্ধ্যায় বিএফডিসির ঝর্ণা স্পটে ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এবারই প্রথম প্রিয়াঙ্কা বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ট্র্যাজিক-রোমান্টিক গল্পনির্ভর 'হৃদয় জুড়ে' ছবিটি পরিচালনা করবেন রফিক সিকদার।
প্রিয়াঙ্কা সরকার জানান, এক মাস আগে এই ছবির জন্য চুক্তিবদ্ধ হন তিনি। ছবির গল্প ভালোলাগার কারণেই বাংলাদেশের ছবিতে অভিনয়ে আগ্রহী হয়েছেন। তিনি আরও জানান, ঢাকায় এসে একবারও তার মনে হয়নি অন্য কোনো দেশে এসেছেন। এখানকার মানুষগুলো খুব সহজেই আপন করে নিতে জানেন। তাই সবার সঙ্গে মিলে আনন্দের সঙ্গে কাজটি শেষ করতে পারবেন বলেই ধারণা। নির্মাতা রফিক সিকদার জানান, ২ মার্চ ছবির শুটিং শুরু হবে। প্রিয়াঙ্কার পাশাপাশি এতে অভিনয় করবেন নিরব, সুব্রত, কাজী হায়াৎ প্রমুখ।


No comments:
Post a Comment