জমজমাট বনভোজনঢাকার অদূরে রূপগঞ্জের ভুলতার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে গত শনিবার দেখা গেল চলচ্চিত্র তারকা সোহেল রানাকে। একটু পরেই দেখা মিলল ঢাকাই ছবির অন্যতম খল অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে। তবে কি কোনো শুটিং হবে নাকি? কিন্তু একি! একে একে উপস্থিত ওমর সানি, অমিত হাসানসহ ঢালিউডের (Dhallywood) প্রায় সব তারকা। আছেন সংগীতশিল্পীরাও, সঙ্গে পরিবারের লোকজন। অন্য কিছু কি? হ্যাঁ। দিনটিতে ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবগঠিত কমিটির আয়োজনে বার্ষিক বনভোজন।
সকাল আটটা থেকেই এক এক করে আসতে থাকেন সবাই। পরিচালক, প্রযোজক, সংগীতশিল্পীসহ তাঁদের পরিবারের লোকজনে মুখর হয়ে ওঠে পার্কটি। বনভোজনে ছিল বিভিন্ন পরিবেশনা—রেড কার্পেট, সেলফি স্পটে সেলফি তোলা, নাচ, সংগীত আরও কত-কী! এদিকে তারকাদের এক নজর দেখতে ভিড় জমাতে থাকেন উৎসুক দর্শক। মঞ্চে চলে সংগীতানুষ্ঠান। সেখানে অংশ নেন রবি চৌধুরী, আসিফ আকবর, দিনাত জাহান মুন্নী, পলাশ, তানজিলা রুমাসহ অনেকেই। সন্ধ্যায় ছোট পর্দার তারকা শাহরিয়ার নাজিম জয় ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় চলচ্চিত্রের তারকাদের অংশগ্রহণে একটি নাচের অনুষ্ঠান হয়। চলচ্চিত্রের নতুন ও পুরোনো জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নিরব, আসিফ নূর, সুমিত, আমান, আইরিন, অধরা খান, রাহা তানহা খান ও অমৃতা খান। শেষে র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়।
এদিকে দিনভর মঞ্চে অংশগ্রহণ করে পুরো অনুষ্ঠানটি জমিয়ে রাখেন পরিচালক মনতাজুর রহমান আকবর। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানিয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘সবার সহযোগিতায় প্রথম এত বড় পরিসরে বনভোজনের আয়োজন করলাম। বছরের একটা দিন এভাবে সবাইকে একসঙ্গে পেয়েছি। আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জায়েদ খান, বাপ্পী, ইমন, নিরব, অঞ্জনা, শিল্পী, রেসি, পিয়া বিপাশা, পরীমনি, তানিয়া বৃষ্টিসহ অনেকেই।


No comments:
Post a Comment