সম্প্রতি মুক্তি পায় শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’-এর ট্রেলার। ইতোমধ্যে ট্রেলারটি ইউটিউবে বাজিমাত করেছে। কিন্তু তারপরেও বিপাকে কিং খান। ছবিতে ইসলাম বিরোধিতা করা হয়েছে - এমন কারণ দেখিয়ে বিক্ষোভ করছে শিয়া সম্প্রদায়ের বহু মানুষ৷
ছবিতে কাজ করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। যে কারণে ছবি মুক্তিতে বাধার সম্ভাবনা অনুমান করেছিলেন ছবির প্রযোজকেরা। কট্টর হিন্দুত্ববাদী দলগুলির কাছ থেকে আপত্তির আঁচ করেছিলেন স্বয়ং বলিউড বাদশাহ। পরিস্থিতি সামালও দিয়েছিলেন তিনি৷ পাক শিল্পীর কাজ করা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আগেই এমএসএন দলের প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ছবির একটি দৃশ্য মুসলমান সম্প্রদায়ের ধর্মবিশ্বাসে আঘাত হেনেছে বলে অভিযোগ করছে মুসলিম শিয়া সম্প্রদায়।
ট্রেলারে দেখা গেছে, মহররমের শোভাযাত্রার উপর দিয়ে লাফাচ্ছেন রইস তথা শাহরুখ৷ তার হাতে ধরা ইসলামি পতাকা৷ আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা৷ তাদের অভিযোগ, এই ভঙ্গিতে আসলে অপমান করা হয়েছে ইসলামকে, বিশেষত শিয়াদের আবেগকে৷
ভারতের গাজিপুরের শিয়া গোষ্ঠী চালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা এ ব্যাপারে ছবিটির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে৷ তাদের অভিযোগে বলা হয়, ইমাম হাসানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যে শোভাযাত্রা দেখানো হয়েছে, তার উপর দিয়ে লাফানোর দৃশ্য দেখানো উচিত হয়নি৷ এরকম দৃশ্য মুসলমানদের ধর্মবিশ্বাসে আঘাত হেনেছে৷
সংস্থাটির দাবি, ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়া হোক৷ ইমাম হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে ইসলাম ধর্মাবলম্বীরা শোভাযাত্রার আয়োজন করেন৷ সব জেনেশুনে একজন মুসলমান নায়ক কেন এ কাজ করলেন? সে প্রশ্নই তুলেছেন তারা৷ একই সঙ্গে রীতিমতো প্রতিবাদের পথে হাঁটতে চলেছে এই গোষ্ঠী৷ দেশের বেশ কয়েকটি শিয়া সম্প্রদায় এই ইস্যুতে একজোট হয়েছে৷ এখন টিম রইস এই অভিযোগের কী উত্তর দেয়, তার উপরই পুরো বিষয়টি নির্ভর করছে৷
‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন মাহিরা খান। ছবিতে এক চোরাকারবারি ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। মাহিরা ও শাহরুখ ছাড়াও ছবিতে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া।


No comments:
Post a Comment