বলিউডের সব তারকাকে পেছনে ফেলে আবারও শীর্ষে দীপিকা পাড়ুকোন। বলিউড তো রাজত্ব করছেনই, সেই সঙ্গে হলিউডেও খ্যাতি পাচ্ছেন ‘মাস্তানি’ অভিনেত্রী। কয়েকদিন আগে এশিয়ায় সবচেয়ে আবেদনময়ী নারীর খেতাব পেয়েছেন তিনি।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারকার অনুসারীদের তালিকায় নায়িকাদের মধ্যে সবার আগে রয়েছেন বলিউডের কাঙ্ক্ষিত অভিনেত্রী দীপিকা।
গত ৪ বছর ধরেই আসনটি ধরে রেখেছিলেন আরেক নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এ বছর হলিউডের ‘বেওয়াচ’ খলনায়িকাকে পেছনে ফেলে এগিয়ে আছেন দীপিকা। অর্থাৎ এ বছর বলিউড নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী পেয়েছেন তিনি। দীপিকার পরেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। দীপিকার অনুসারী ১৬.৭ মিলিয়ন ও প্রিয়াঙ্কার ১৫.৫ মিলিয়ন। অবশ্য দু’জনেই তালিকার শীর্ষ ১০-এ রয়েছেন। তালিকার প্রথম নামটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার অনুসারী ২৫.২ মিলিয়ন। এরপরেই আছেন অমিতাভ বচ্চন। তার অনুসারীর সংখ্যা ২৩.৮ মিলিয়ন। অমিতাভের পরেই রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ, তার অনুসারী ২২.৪ মিলিয়ন।
‘ডিয়ার জিন্দেগি’র এই নায়ক তালিকায় এবার পেছনে ফেলে দিয়েছেন আরেক কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খানকে। ‘বজরঙ্গি ভাইজান’ সালমানের অনুসারী ২০.৬ মিলিয়ন। এরপরেই আছেন আমির খান। তার অনুসারীর সংখ্যা ১৯.২ মিলিয়ন।
এই তিন খানের পর স্থান পেয়েছেন দীপিকা। তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। সপ্তমে আছেন প্রিয়াঙ্কা, এরপর রয়েছেন হৃতিক রোশন। পরের তালিকা যথাক্রমে অক্ষয় কুমার ও এ আর রহমানের।


No comments:
Post a Comment