বিজয়ের ৪৫ বছর: উল্লাসে মাতালেন জেমস
গতকাল শুক্রবার ছিল ‘বিজয়ের ৪৫ বছর: লাল-সবুজের মহোৎসব’-এর শেষ দিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও গান বাংলার সহযোগিতায় ১ ডিসেম্বর শুরু হয় এ উৎসব। প্রথম ও শেষ দিন উন্মুক্ত উদ্যানে ও বাকি দিনগুলো ভিন্ন ভিন্ন ধাঁচের গান, আবৃত্তি ও নাটক নিয়ে অনুষ্ঠানটি চলেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে।
বিকেল-সন্ধ্যার মাঝামাঝি মঞ্চে উঠলেন জেমস। জোড় দুই হাত শূন্যে তুলে নিজস্ব ভঙ্গিতে সম্ভাষণ জানালেন ভক্তদের। ততক্ষণে মানুষের অরণ্যে পরিণত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান। তিনি ‘লেইস ফিতা’ গেয়ে উঠতেই হই হই করে উঠলেন তাঁরা।
শেষ দিনের কনসার্টে জেমস গেয়ে শোনান নব্বইয়ের দশকের শেষ ও নতুন দশকের শুরুতে তাঁর শ্রোতাপ্রিয় ‘কবিতা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’, ‘ঘর বানাইলা কি দিয়া’ গানগুলো। সন্ধ্যা নামতেই উদ্যানের এক পাশের আকাশ উজ্জ্বল হয়ে ওঠে বর্ণিল আলোর বাজিতে। সস্ত্রীক অনুষ্ঠান মঞ্চে এসে দর্শকদের শুভেচ্ছা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ওয়ান মোর জিরো কমিউনিকেশনস ও গান বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা, ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস প্রমুখ। ১৬ দিনের এই উৎসব আয়োজনে সহায়তা দেওয়ার জন্য নসরুল হামিদকে ধন্যবাদ জানান তাপস। উৎসবের শেষ দিনটি ছিল ব্যান্ড সংগীত নিয়ে। গান করা অন্য দলগুলো হলো শূন্য, ভাইকিংস ও চিরকুট।


No comments:
Post a Comment