আয়নাবাজি ছবি মুক্তির পর নানা ব্যস্ততায় নাটকে অভিনয় থেকে দূরে সরে ছিলেন চঞ্চল চৌধুরী।
নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টিদের বাড়ি নামের একটি নতুন ধারাবাহিকে শুটিং করেন এই অভিনেতা। আজ থেকে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হচ্ছে। নাটকটিসহ অন্যান্য প্রসঙ্গে কথা বললেন তিনি।
কত দিন পর নাটকে অভিনয়ে ফিরলেন?
কোরবানির ঈদের দুই দিন আগে সর্বশেষ নাটকের শুটিং করেছিলাম। সেই হিসাবে দুই মাস নাটকে অভিনয় করিনি। এর মধ্যে আয়নাবাজি ছবিটি মুক্তি পায়। ছবিটি নিয়ে দেশের বাইরের উৎসবে অংশ নিয়েছিলাম। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহেও ছুটে গিয়েছি। সবার কাছ থেকে প্রশংসা পেলাম। দুই মাস নিমেষেই কেটে গেছে।
‘আয়নাবাজি’ সিনেমা নিয়ে তাহলে আপাতত ভাবনা কম?
অনেকটা সে রকমই। নাটকের কাজে মন দিয়েছি। এত দিন ধরে শুনছিলাম, আমাদের দেশে ভালো সিনেমার সংখ্যা খুব কম। প্রেক্ষাগৃহে দর্শক খুব একটা আসছেন না। এমন সময় আয়নাবাজি সব ধরনের দর্শককে প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে পেরেছে, এটাই বড় সার্থকতা। এই সিনেমা দিয়ে প্রমাণিত হয়েছে, আমরা যদি ভালো নাটক বা সিনেমা উপহার দিতে পারি, তাহলে দর্শক অবশ্যই দেখবেন। অনেকে এও বলেন, দর্শক আমাদের চ্যানেল ছেড়ে চলে গেছেন, এটাও আমি মানতে রাজি নই। এ নিয়ে অবশ্য বতর্মানে সংকটও চলছে। টেলিভিশন নাটকের বিভিন্ন সংগঠন ও চ্যানেলের মালিকেরা এ নিয়ে ভাবতে শুরু করেছেন।
মিডিয়া ইউনিটির ব্যানারে ঢাকা ক্লাবে রোববারের সমাবেশে আপনাকেও দেখা গেছে। এই আন্দোলন সম্পর্কে কিছু বলুন।
নাটকসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও চ্যানেলের মালিকদের নিয়ে মিডিয়া ইউনিটি গঠিত হয়েছে। আমি মনে করি, আন্দোলনের দরকার আছে। টেলিভিশন শিল্পের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নাটকের মান বাড়ানো, ভালো নাটকের জন্য বাজেট নিয়ে ভাবনা, শুধু বাংলাদেশের জন্য আলাদা করে বিদেশি চ্যানেলের ডাউনলিংক বন্ধ, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ায় নিষেধাজ্ঞা ও দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়ালের প্রচার বন্ধের দাবি জানিয়েছে মিডিয়া ইউনিটি। এককভাবে তো এসব সমস্যা দূর করা সম্ভব না, তাই মিডিয়া ইউনিটির মাধ্যমে এ আন্দোলন চলছে।
‘বৃষ্টিদের বাড়ি’ নাটকটি সম্পর্কে বলুন?
বৃষ্টি নামের একটি মেয়েকে ঘিরে এই নাটকের গল্প। তার সঙ্গে আমার বিয়ে নিয়ে নানা ঘটনা ঘটে। এতে আমি সাধারণ কোনো চরিত্রে অভিনয় করিনি, আমার চরিত্রটা সাইকো টাইপের। ভিন্ন ধরনের একটি সিরিয়াস গল্প। এ ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি। তবে এটাকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীনও বলা যাবে না।


No comments:
Post a Comment