ভারতের জনপ্রিয় কমেডি তারকা কপিল শর্মা অবশেষে তার জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে বিয়ে করে ফেললেন তিনি। আর এই ঘটনা ঘটেছে এই কৌতুক অভিনেতার শো ‘দ্য কপিল শর্মা শো'য়ের মঞ্চে। বিয়ের মঞ্চে উপস্থিত ছিলেন কপিলের মা। সদ্য বিবাহিত দম্পতিকে আশীর্বাদ করেছেন তিনি।
যারা নিয়মিত কপিল শর্মার শো দেখেন, তারা জানেন, সুন্দরী সব নায়িকাদের সঙ্গেই প্রেম প্রেম ভাব দেখান তিনি। তাই 'দ্য কপিল শর্মা শো'য়ের মঞ্চে উপস্থিত বলিউড সুন্দরী জ্যাকলিনকে দেখে আর অপেক্ষা করতে পারলেন না। বিয়েটা সেরেই ফেললেন।
শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন কপিল। তাদের বিয়ের ছবির সঙ্গে তিনি লিখেছেন, তিনি চান, জ্যাকলিন যেন তার সেবা যত্ন করেন, তার খেয়াল রাখেন, তাকে শপিং করাতে নিয়ে যান এবং তার জন্য উপহার কেনেন।
তবে এমন কিছু ঘটেনি বাস্তবে। আসলে পরিচালক রেমো ডিসুজার 'দ্য ফ্লাইং জ্যাট' ছবির প্রোমোশন করতে 'দ্য কপিল শর্মা শো'তে এসেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন টাইগার শ্রফ। শোতেই কপিল জ্যাকলিনকে ডিনার ডেটে যাওয়ার প্রস্তাব দেন। শোতে দেখা যাবে, ডিনারের শেষে বিয়ের জন্য জ্যাকলিনকে প্রস্তাব দেন কপিল। তার পরেই বিয়ের সাজে ছবি তোলেন কপিল ও জ্যাকলিন।


No comments:
Post a Comment