শোবিজ সিনিয়র প্রতিবেদক - MH Mahdi:- এই সময়ে এসে নতুন প্রজন্মের মধ্যে যিনি নিজের মেধা ও অভিনয়শৈলী দিয়ে একজন অভিনেত্রী হিসেবে ভালো অবস্থান তৈরি করতে পেরেছেন তিনি তানজিন তিশা। দিনদিন তার কাজের ব্যস্ততা বেড়েই চলেছে। প্রতিনিয়ত তাকে নাটক কিংবা টেলিফিল্মের শুটিং, ফটোশুট ও বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়।

তবে এরই মধ্যে মনের মতো একটি গল্পের নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকের নাম ‘পরী ও চাঁদের টিপ’। এটি রচনা করেছেন মনসুরুর রহমান চঞ্চল এবং নির্দেশনা দিয়েছেন সরদার রোকন। কিছুদিন আগেই রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন সজল। পরিচালক সরদার রোকন জানান, আগের মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসাটাই ছিল সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখন যেকোনো সম্পর্কের মাঝে ভালোবাসা অনেক কমে গেছে। এই বিষয়টিই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সরদার রোকন ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করেছি। খুব গোছালো ইউনিট এবং পরিপাটি কাজ। আমিতো নাটকের গল্প শুনেই মুগ্ধ হয়েছিলাম। কাজ করেও ভীষণ ভালোলেগেছে। আশাকরি দর্শকেরও ভালোলাগবে।’ সজল বলেন, ‘গেলো কয়েকটা দিন ‘রানআউট’র প্রমোশন নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ‘পরী ও চাঁদের টিপ’র গল্প গতানুগতিক গল্পের বাইরে। তাই বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছি। তানজিন তিশা এখন অভিনয়ে অনেক ভালো করছেন।’
সরদার রোকন জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ দিকে তানজিন তিশা নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন শিগগিরই। তবে সবকিছু এখনো চূড়ান্ত হয়নি বলে আপাতত কিছুই জানাচ্ছেন না তিনি।
এ দিকে ‘রানআউট’ চলচ্চিত্রে সজলের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সজল ও তানজিন তিশা সর্বশেষ গত ঈদে একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহন খানের ‘অমীমাংসিত সত্য’, ‘মেঘ পাখি একা’। বিজ্ঞাপনের মডেল হিসেবে মিডিয়াতে তানজিন তিশার সফল অভিষেক হলেও ছোট পর্দায় তার প্রথম অভিষেক হয় অভিনেতা অপূর্বর নির্দেশনায় ‘ব্যাকডেটেড’ টেলিফিল্মে। তবে এরপর বিরতি নিয়ে রেদওয়ান রনির নির্দেশনায় ‘ইউটার্ন’ নাটকে অভিনয় করার মধ্যদিয়ে অভিনয়ে নিয়মিত হন তিনি। গত বছর থেকে তানজিন তিশা অভিনয়ে নিয়মিত হয়েছেন। এখন তিনি গুণী নির্মাতাদের নাটকে কাজ করছেন প্রতিনিয়ত।

No comments:
Post a Comment