সর্বশেষ সংবাদ

শাকিব বিস্মিত পরীমনির ব্যবহারে

শাকিব বিস্মিত পরীমনির ব্যবহারে








নবাগত নায়িকা পরীমনির আচরণে বিস্মিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে তাঁরা দুজন জুটি হয়ে অভিনয় করছেন। বর্তমানে সিলেটে ছবিটির শুটিং চলছে। গত সপ্তাহে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সিলেট ছেড়ে ঢাকায় চলে আসেন পরীমনি। তাঁর এমন অপেশাদার আচরণ ছবিটির ইউনিটের অন্য সদস্যদের মতো শাকিব খানের মনেও বিস্ময়ের জন্ম দিয়েছে।

ফেব্রুয়ারি মাসে শুরু হয় শাকিব ও পরীমনি জুটির নতুন ছবি ‘আরও ভালোবাসব তোমায়’ ছবির শুটিং। কয়েক দফা শুটিং শেষে ১৭ এপ্রিল থেকে আউটডোর শুটিংয়ের জন্য সিলেট যায় ছবিটির পুরো ইউনিট। কিন্তু হঠাৎ করেই ২০ এপ্রিল রাতে কাউকে কোনো কিছু না জানিয়ে ঢাকায় চলে আসেন তিনি। দুদিন ঢাকায় থাকার পর ২২ তারিখ সিলেট ফিরে যান পরীমনি।
এ বিষয়ে জানতে চাইলে শাকিব বললেন, ‘ঢাকাই চলচ্চিত্রে আমি অনেক দিন ধরেই কাজ করেছি। অনেক গুণী অভিনয়শিল্পীর সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সময়ের অনেক জনপ্রিয় নায়িকাকে আমার সহশিল্পী হিসেবে পেয়েছি। নতুনরাও আমার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছে। কিন্তু শুটিং স্পট থেকে এভাবে কোনো অভিনয়শিল্পী চলে আসার বিষয়টি আমার চলচ্চিত্র ক্যারিয়ারে শুনিনি! পুরো ব্যাপারটি আমাকে বিস্মিত করেছে।’
শাকিব এও বলেন, ‘মাত্র দুই বছরের ক্যারিয়ার পরীমনির। মুক্তি পেয়েছে মাত্র দুটি ছবি। কাজ করছে আরও বেশ কয়েকটি ছবিতে। তাঁকে আরও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। এত তাড়াতাড়ি যদি এমন অপেশাদার আচরণ শিখে যায় তাহলে খুবই দুঃখজনক।’
এদিকে পরিচালক এস এ হক অলিক প্রথম আলোকে বলেন, ‘২০ তারিখ বিকেল পাঁচটায় আমাদের সেদিনকার শুটিং শেষ হয়। এরপর পরীমনি আমাকে জানায় তাঁর একটি নৈশভোজের দাওয়াত আছে। আমি তাঁকে অনুমতি দিই। পরে জানতে পারি, পরীমনি ঢাকায়। পুরো ব্যাপারটিতে আমার অবাক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না।’
এদিকে পুরো ঘটনা সম্পর্কে জানার জন্য গত তিন দিন ধরে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন ধরেন ব্যবস্থাপক মেহেদি হাসান। ম্যাডাম শুটিংয়ে ব্যস্ত আছেন দাবি করে ফোন কেটে দেন।
আরও ভালোবাসব তোমায় ছবিটিতে শাকিব খান, পরীমনি ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, চম্পাসহ আরও অনেকে। ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহসংগীত পরিচালনা করবেন ইমন সাহা। ছবির গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, এস আই টুটুল, কোনাল, কিশোর, পড়শি ও হৃদয় খান।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.