গতকাল সন্ধ্যায় National Film Awards 2015 বিজয়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করেন।পুরস্কৃতদের অনুভূতি
আজীবন সম্মাননা
ফেরদৌসী রহমান
একজন শিল্পী হিসেবে আজীবন সম্মাননা প্রাপ্তিতে গর্ববোধ করছি। অন্য অনেক পুরস্কার কিংবা স্বীকৃতির যে আনন্দ, রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এ সম্মানের আনন্দ অবশ্যই অনেক বেশি। কর্তৃপক্ষ যে এ সম্মানের জন্য আমাকে উপযুক্ত মনে করেছে, তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এ অর্জন আমার সঙ্গীত জীবনের সার্থকতা আর বাড়িয়ে দিল। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন যতদিন বেঁচে থাকি, কণ্ঠে গান নিয়ে থাকতে পারি।
আজীবন সম্মাননা
শাবানা
আমি এত বছর ধরে অভিনয়ে নেই। তারপরও দেশের মানুষ এখনও আমাকে মনে রেখেছে_ এ দেশের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। আমি অভিভূত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়ায় অনেক আনন্দ আর গর্ববোধ হচ্ছে। এটা শুধু আমার একার নয়। মা-বাবা, আমার পরিচালক, যারা আমাকে তৈরি করেছিলেন এবং দর্শকদের, যারা আমাকে শাবানা বানিয়েছেন তাদের সবার জন্য আনন্দের।
সেরা পরিচালক
মোরশেদুল ইসলাম
যে কোনো স্বীকৃতি পাওয়া সবার জন্য আনন্দের। কিন্তু এবারের অনুভূতি একটু অন্যরকম। আমাকে যারা কাজের স্বীকৃতি দিয়েছেন, তাদের সম্মানার্থে বিতর্ক ভুলে পুরস্কার গ্রহণ করেছি। কারণ আমি মনে করি, এগিয়ে চলার নামই জীবন।
সেরা অভিনেত্রী
জয়া আহসান
অভিনয়ের জন্য অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি একেবারে আলাদা। রাষ্ট্রীয় স্বীকৃতি যে কারও জন্যই অনেক সম্মানের। এই সম্মাননা পাওয়ায় আর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রেরণা পাচ্ছি। এজন্য 'জিরো ডিগ্রি' ছবির পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেরা অভিনেতা
শাকিব খান
এই অনুভূতি একইসঙ্গে আনন্দের ও সুখের। আমার কাছে পুরস্কার হচ্ছে ভালো কাজের স্বীকৃতি, যা ভবিষ্যতে আর ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়। এর আগেও আমি 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না' ও 'খোদার পরে মা' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এ নিয়ে তৃতীয়বার এ সম্মান অর্জন করতে পারায় ভালো লাগাটা অনেক বেশি।
সেরা অভিনেতা
মাহফুজ আহমেদ
আমরা যারা মূলত টেলিভিশন অভিনয়শিল্পী, তাদের কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যে যতই ভালো অভিনয় করুক না কেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবার ভাগ্যে জোটে না। সেদিক থেকে আমি অবশ্যই ভাগ্যবান। কারণ দ্বিতীয়বারের মতো আমি এ পুরস্কার গ্রহণ করছি। এ সম্মান আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ঃ
সেরা গায়ক
সুবীর নন্দী
'মহুয়া সুন্দরী' ছবির 'তোমারে ছাড়িতে বন্ধু' গানটি অনেকের ভালো লাগবে এটুকু অনুমান ছিল। এ জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাব ভাবিনি। এই প্রাপ্তি তাই অনেক বেশি আনন্দের। এ জন্য সুরকার অমিত চট্টোপাধ্যায় সহ ছবির সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই জুড়ি বোর্ডের সদস্যদের। যারা এই গানকে সেরা গান হিসেবে নির্বাচিত করেছেন।


No comments:
Post a Comment