Meher Afroz Shawon। নির্মাতা ও অভিনেত্রী। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন টেলিভিশনে থাকছে তার নির্মিত চলচ্চিত্র ও স্মরণ অনুষ্ঠান। আজকের আয়োজন ও নানা স্মৃতিকথা নিয়ে কথা বললেন তিনি-
প্রতি বছর এ দিনে নুহাশপল্লীতে যান, আজকের পরিকল্পনা কি একই রকম?
হ্যাঁ। এ দিনটি আমি সব সময় নুহাশপল্লীতে কাটাই। নানা কাজে ব্যস্ত থাকায় এখন খুব বেশি সেখানে যাওয়া হয় না, কিন্তু এ দিনটি এলে আমি সব ছেড়ে নুহাশপল্লীতে চলে আসি। আজ সকাল থেকেই আমি নুহাশপল্লীতে থাকব। কবর জিয়ারতের পর নুহাশপল্লীর আশপাশের যত এতিম বাচ্চা আছে, তাদের নিজ হাতে খাওয়াব। এ ছাড়া কোরআন পাঠ শেষে বাদ আসর তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হবে। তারপর ঢাকায় ফিরব।
এ দিনটি ঘিরে কোনো স্মৃতি মনে পড়ে?
অনেকের কাছে হুমায়ূন আহমেদের স্মৃতি কেবল জন্মদিন বা মৃত্যুদিনে সীমাবদ্ধ, কিন্তু আমার কাছে হুমায়ূন আহমেদ চিরদিনের। কোনো বিশেষ দিন ঘিরে তাকে মনে পড়ে এমন নয়। যে কোনো কাজ করতে গেলে আমার এখনও মনে হয়, ও পাশে থাকলে ভালো হতো, এ রকম সিদ্ধান্ত না নিয়ে ওই রকম সিদ্ধান্ত নিত। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতায় আমাদের আটকে থাকতে হয়।
বর্তমানে হুমায়ূন আহমেদের সাহিত্য নিয়ে যে কাজগুলো হচ্ছে, তা নিয়ে আপনার অভিমত কী?
এ ব্যাপারে নির্দিষ্ট কোনো অভিমতে পেঁৗছানো কঠিন। কেউ কেউ ভালো কাজ করছেন, আবার অনেকে কেবল হুমায়ূন আহমেদের সাহিত্য নিয়ে কাজ করতে হবে, এজন্য করছেন। কিন্তু মনে রাখতে হবে, হুমায়ূন আহমেদের পাঠক সংখ্যা অসংখ্য। নতুন প্রজন্মের অনেক পাঠক হুমায়ূন আহমেদ পড়ছেন, তার সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাদের চাওয়া-পাওয়া মাথায় রেখেই নির্মাতাদের প্রস্তুত হতে হবে। গুণগতমানের দিক থেকেও সচেতন হতে হবে।
নন্দিত এ শিল্পীর স্মৃতি সংরক্ষণে যথাযথ কোনো উদ্যোগ গ্রহণের ইচ্ছা আছে?
হুমায়ূন আহমেদের সমগ্র সাহিত্যকর্ম ও অন্যান্য কাজ নিয়ে 'হুমায়ূন আহমেদ ফাউন্ডেশন' বা ট্রাস্ট গঠনের ইচ্ছা আছে। অনেক দিন ধরেই চাচ্ছি এর কাজ শুরু করতে। কিন্তু নানা জটিলতায় এগোতে পারিনি। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে এর কাজ শেষ করতে পারব। এজন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
আজ বিভিন্ন টেলিভিশনে আপনার একাধিক অনুষ্ঠান প্রচার হবে-
এ অনুষ্ঠানগুলো সম্ভবত অনেক আগে করা। কারণ সাম্প্রতিক সময়ে আমি নতুন কোনো অনুষ্ঠানে অংশ নিইনি। চ্যানেল আইতে আমার নির্মিত 'কৃষ্ণপক্ষ' চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এনটিভিতে যুগল গানের সন্ধ্যা শিরোনামে একটি অনুষ্ঠান প্রচার হবে, এটি অনেক আগে রেকর্ড করা। মাছরাঙার একটি অনুষ্ঠানও আগে রেকর্ড করা। টেলিভিশন কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
হুমায়ূন আহমেদের সাহিত্য নিয়ে নতুন কোনো চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন?
এ বছরের শেষে 'নক্ষত্রের গল্প' নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে। এর মধ্যে কয়েকজন কলা-কুশলীর সঙ্গেও কথা হয়েছে। কিন্তু চিত্রনাট্য শেষ করতে পারিনি। আশা করছি, সামনের বছরের শুরুতেই ছবিটি মুক্তি দিতে পারব। একটু সময় নিয়েই নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে চাই।


No comments:
Post a Comment