ঈদুল আজহার ছবির সংখ্যা বাড়ল। আগামী EID-এ বিজলি ছবির মুক্তি নিশ্চিত হলো। এই ছবির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক ও অভিনেত্রী ববি।
বিজলি ছবিতে নাম–ভূমিকায় অভিনয় করেছেন ববি। তিনি ছবিটির মুক্তি নিয়ে বলেন, ‘বড় বাজেটের এই ছবিটি আগামী ঈদে মুক্তি দিচ্ছি। এরই মধ্যে মুক্তির সব প্রস্তুতি শেষ করেছি। হল বুকিংও শুরু হয়ে গেছে।’
বিজলি নিয়ে আশাবাদী ববি। বললেন, ‘বাংলাদেশে এ ধরনের কনসেপ্টের ছবি আগে হয়নি। নতুন বিষয়বস্তুর প্রতি মানুষের আগ্রহ তো থাকেই। আশা করছি, এই ছবির বেলায়ও তাই ঘটবে।’ ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী। তিনি বলেন, বিজলি খানিকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ ছবির আদলে হলেও ছবির অনেক কিছুতেই ভিন্নতা পাবেন দর্শক। তিনি বলেন, ছবিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজু্যয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে। এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। এ ছাড়া এতে আরও দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।


No comments:
Post a Comment