বলিউড পাড়ার একটি খবরে অনেকেই নড়েচড়ে বসেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ পত্রিকায় প্রকাশিত হয় রণবীর সিং ও Deepika Padukone-এর বিচ্ছেদের খবর। বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা প্রেমিক জুটি তাঁরা। হুট করে হাওয়ায় পাওয়া এই বিচ্ছেদের খবর অবশ্য সবাই বিশ্বাস করেননি। কিন্তু দীপিকা বা রণবীর কারও কাছ থেকেই স্পষ্ট কোনো বক্তব্য আসছিল না বলে অনেকে ভাবনায় পড়ে গিয়েছিলেন। আজ জানা গেল, পুরোটাই ছিল গুজব। আর এই গুঞ্জন কে ছড়িয়েছে আর কেন ছড়িয়েছে, তা-ও জানা গেছে।
সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং এখনো চলমান। মাস খানেক পরেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপিকা ও রণবীর। সত্যি যদি দুজনের সম্পর্কে কোনো টানাপোড়েন চলত, তাহলে তা সবার আগে ‘পদ্মাবতী’-এর কলাকুশলীদের চোখে পড়ার কথা। তাঁদের কারও কাছ থেকেই এমন কিছু জানা যায়নি। আর এত বড় বাজেটের একটি ছবি নিয়ে মুক্তির আগে যদি কিছু আলোচনা না হয়, তাহলে কি চলে? যদিও ‘পদ্মাবতী’ নিয়ে আলোচনা, ঝামেলা কোনো কিছুই কম হয়নি। তবুও সিনেমা-সংশ্লিষ্ট একটি পক্ষ ছবির প্রচারের জন্য নায়ক-নায়িকার মিথ্যা ভাঙনের খবর কেন চাউর করতে গেলেন, সেটা এক রহস্যজনক ব্যাপার। কাজেই, রণবীর-দীপিকার যেসব ভক্ত প্রিয় তারকা ‘সিঙ্গেল’ হতে চলেছেন ভেবে মনে মনে খুশি হয়েছিলেন, তাঁদের আশায় গুড়েবালি। তাঁদের জ্ঞাতার্থে বলে রাখি, রণবীর-দীপিকা খুব ভালো আছেন। বিচ্ছেদ তো দূরের কথা। তাঁদের সম্পর্ক এখন আরও দৃঢ় হয়েছে। মুম্বাইয়ে তাঁরা দুজন কাছাকাছি দুই ফ্ল্যাটেই থাকতে শুরু করেছেন বলে এক সূত্র থেকে জানা যায়।
দীপিকা আর রণবীরের সম্পর্কে সবচেয়ে শক্তিশালী বিষয় হলো তাঁদের মধ্যকার বোঝাপড়া। আর তাঁরা দুজন অযথা কেউ কারও বিষয়ে নাক গলান না। এমনকি দীপিকার হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’-এর সহশিল্পী ভিন ডিজেলকে নিয়ে যখন নানা গুজব শোনা যাচ্ছিল, তখনো রণবীর ভিত্তিহীন সব খবরকে উড়িয়ে দিয়েছিলেন। এই বিষয়গুলোই ‘বাজিরাও-মাস্তানি’খ্যাত দুই তারকার সম্পর্কে করেছে আরও মধুর। তাই সিনেমার প্রচারের জন্য আর যা-ই হোক রণবীর-দীপিকার গুঞ্জন আপাতত ধোপে টিকবে না।


No comments:
Post a Comment