পৃথিবী কি ধ্বংসের দ্বারপ্রান্তে? বায়ুমণ্ডলে বাড়ছে কার্বন ডাই-অক্সাইড, উষ্ণ হয়ে উঠছে প্রকৃতি, গলছে বরফ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অন্যদিকে দেখা দিচ্ছে দীর্ঘ খরা। প্রাণ-প্রকৃতির টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। প্রাকৃতিক এই বিপর্যয় নিয়ে অস্কারজয়ী নির্মাতা ফিশার স্টিভেন্স নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র প্লাবনের আগে। এটি এবার বাংলা ভাষায় দেখানো হবে বাংলাদেশের স্যাটেলাইট TV চ্যানেল দীপ্ত টিভিতে।
প্রামাণ্যচিত্রটিতে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁকে কথা বলতে দেখা যাবে বারাক ওবামা, বান কি মুন, এলন মাস্ক, পোপ ফ্রান্সিস, এনরিক সালা, জন কেরি, সানিটা নারাইনের সঙ্গে। তাঁরা বলবেন, মানুষ কি পারবে এই সংকটের মোকাবিলা করতে? পৃথিবীকে রক্ষা করতে? পারবে এই পরিবর্তনের গতিপথ বদলে দিতে?
প্রায় তিন বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরেছেন পরিবেশবাদী অভিনেতা ডিক্যাপ্রিও এবং নির্মাতা ফিশার। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা বিপর্যয়ের বহু তথ্য ও দৃশ্য তুলে এনেছেন তাঁরা। গত বছরের অক্টোবর মাসে প্রামাণ্যচিত্রটি অবমুক্ত করা হয়। ইতিমধ্যে দেখানো হয়েছে বিশ্বের ১৭০টির বেশি দেশে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন নিয়ে ৯৬ মিনিটের এই প্রামাণ্যচিত্র আজ রাত সাড়ে ১১টায় দেখানো হবে দীপ্ত টিভিতে।


No comments:
Post a Comment