Mahfuz Ahmed। অভিনেতা ও নির্মাতা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'জিরো ডিগ্রী' চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি_
দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। কেমন লাগছে?
একজন শিল্পীর কাছে কাজের স্বীকৃতি পাওয়ার আনন্দটাই অন্যরকম। আর সেটা যদি হয় রাষ্ট্রীয় সম্মান, তবে তো কথাই নেই। দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি, শোনার পর থেকেই নিজের ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করছে। এর আগে, 'লাল সবুজ' চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এবার পেলাম 'জিরো ডিগ্রী'র জন্য। দু'বার জাতীয় পুরস্কার পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি।
নিজের প্রযোজনায় নির্মিত ছবিটি চারটি শাখায় পুরস্কার পাবে, এমনটা ভেবেছিলেন?
ছবিটি পুরস্কার পাবে কি পাব না, তা ভেবে তো আর প্রযোজনা করা হয়নি। তবে 'জিরো ডিগ্রী'র জন্য পুরো টিম অনেক পরিশ্রম করেছে। টিমের সবাই বেশ আন্তরিকতার সঙ্গে কাজটি করেছে। তাই ছবিটি নিয়ে প্রথম থেকেই দারুণ আশাবাদী ছিলাম। বিশ্বাস ছিল, সুন্দর একটি কাজ হচ্ছে। ছবি মুক্তির পর সবখানে যখন এর প্রশংসা শোনা যাচ্ছিল, তখন মনে হয়েছে আমাদের কষ্ট সার্থক হয়েছে। তবে এমন সাফল্য আসবে, তা ভাবিনি।
চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন না কেন?
আমি বুঝে শুনে কাজ করি। চাইলে একের পর এক চলচ্চিত্র কিংবা নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি। তবে আমি তা চাই না। আমি সব সময় ভালো গল্প ও নির্মাণের দিকে বিশেষভাবে খেয়াল রাখি। এ পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি, সব গতানুগতিক চলচ্চিত্রের চেয়ে অনেকটাই ভিন্ন। ভালো গল্প হলে অবশ্যই কাজ করব।
ঈদে আপনার ক'টি নাটক প্রচার হবে?
ঈদে ক'টি নাটক প্রচার হবে, তার হিসাব মনে নেই। ইতিমধ্যে ঈদের বেশ ক'টি নাটকে কাজ করেছি। কিছুদিন আগে, চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'তালপাতার পাখা' নামের একটি নাটকের কাজ করলাম। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ ছাড়াও চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'সবুজ মানুষ' শিরোনামের আরও একটি নাটকে কাজ করেছি। এতে আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন প্রভা।


No comments:
Post a Comment