শিডিউল মেলাতে না পেরে সিনেমা ছেড়ে দিতে বাধ্য হলেন এ সময়ের আলোচিত নায়ক Arifin Shuvo। কলকাতার রবি কিনাগী পরিচালিত এই সিনেমার নাম ‘ওলট-পালট’। আজ সোমবার দুপুরে আলাপে এমনটাই জানালেন শুভ।
শুভ জানান, শুরুতে কথা ছিল ২২ তারিখ থেকে ‘ওলট-পালট’ সিনেমায় তাঁর দৃশ্যের শুটিং শুরু হবে। কিন্তু কলকাতা গিয়ে জানতে পারেন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর আবার জানতে পারেন ২৯ মে নয়, একেবারের ঈদের পর থেকে তাঁর অংশের শুটিং শুরু হবে। কিন্তু ঈদের পর অন্য কাজের শিডিউল থাকায় বাধ্য হয়ে এই সিনেমার কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুভ বলেন, ‘বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। এসবের শুটিং পরিকল্পনাও ঠিক করা। একটার শিডিউল নিয়ে কোনো সমস্যা হলে এর প্রভাব সবটাতে গিয়ে পড়ে। তাই এত পেছানোর কারণে শেষ পর্যন্ত বাধ্য হই কাজটি ছেড়ে দিতে। তা না হলে আমার কারণে অন্য পরিচালকের সমস্যা হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশের মিম, পিয়া বিপাশা, রোশান এবং ভারতের কলকাতার সোহম, যিশু, তনুশ্রীসহ বেশ কয়েকজন তারকা নিয়ে সিনেমাটি তৈরির কথা। যৌথ প্রযোজনায় এ ছবিটি নির্মাণ করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট।
শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধ্যাততেরিকি’। শামীম আহমেদ রনী পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া।


No comments:
Post a Comment