বিরতির পর একসঙ্গে তিন নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা Purnima। প্রতিটি নাটকেই ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। এরমধ্যে নাটক তিনটির সিডিউলও চূড়ান্ত করে ফেলেছেন এই অভিনেত্রী। এ মাসের শেষদিকে তিনি অভিনয় করবেন চয়নিকা চৌধুরীর 'তালপাতার পাখা' নামের একক নাটকে। এর পরই তিনি অংশ নেবেন শ্রাবণী ফেরদৌসের 'মিসেস কুক' নাটকের শুটিংয়ে। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে তিনি অভিনয় করবেন রাজীবুল ইসলাম রাজীবের একটি নাটকে।
পূর্ণিমা বলেন, 'শুধু চরিত্র আলাদা বলে নয়, নাটকের গল্পেও নতুনত্ব আছে বলেই অভিনয়ে সম্মতি দিয়েছি। আমি চাই না, টিভি দর্শক আমাকে বারবার একই রকম চরিত্রে দেখুক। আবার দর্শকও চায়, নাটকে একটু ভিন্ন ধরনের গল্প। এই ভেবেই নাটক নির্বাচন করেছি। তিনটি নাটকই দর্শক ঈদে দেখতে পারবেন। আশা করি, নাটকগুলো দর্শকের ভালো লাগবে।'
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করছেন পূর্ণিমা। এর আগে তিনি ২০০৪ সালে শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে জয়লাভ করেছিলেন। পূর্ণিমা বলেন, 'এবারও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছি। দু-একদিনের মধ্যেই ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করব। আমার বিশ্বাস, আমাদের প্যানেল জয়লাভ করবে।'


No comments:
Post a Comment