নির্মাতা কামার আহমাদ সাইমনের ছবি শুনতে কি পাও মুক্তি পেল অ্যামাজন ভিডিও,Google প্লে ও আইটিউনসে। সম্প্রতি ছবিটির প্রযোজক সারা আফরীনের কাছে পাঠানো মেইলে বিষয়টি নিশ্চিত করেছে এর আন্তর্জাতিক পরিবেশক জার্নিম্যান ফিল্মস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির ফেসবুক পাতায় এ খবর জানানো হয়।
বিশ্বের প্রথম সারির তিনটি ভিওডি (ভিডিও অন ডিমান্ড) বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন ভিডিও, গুগল প্লে ও আইটিউনস।
ছবি মুক্তির প্রতিক্রিয়ায় কামার আহমাদ সাইমন বলেন, ‘ইচ্ছা ছিল নববর্ষেই সুখবরটা দেব, কারণ বিষয়টা নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরেই। ভিওডি প্ল্যাটফর্মগুলোকে যেহেতু ভবিষ্যতে সিনেমার মূল চারণক্ষেত্র ধরা হচ্ছে, সুতরাং এটা শুধু আমার জন্য না, বাংলাদেশের সব নির্মাতার জন্যই সুখবর।’
কামার আরও বলেন, ‘ছবিটির ডিভিডি বের হয়নি বলে অনেক দর্শকের আক্ষেপ ছিল। বিশেষ করে যাঁরা দেশের বাইরে থাকেন, গত কয়েক বছরে তাঁদের কাছ ফেসবুকে অজস্র চিঠি পেয়েছি। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের কথা মাথায় রেখেই প্রথম সারির আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হলো ছবিটি।’
শুনতে কি পাও কামার আহমাদ সাইমনের নির্মিতব্য ওয়াটার ট্রিলজির প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্ব ডে আফটার টুমরোর চিত্রনাট্যের জন্য কামার গত বছর লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোর্স’-এ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। আগামী মাসে অনুষ্ঠেয় কানের লা’অ্যাটেলিয়ারে বিশ্বের ১৬ জন নির্বাচিত নির্মাতার মধ্যে কামারের আমন্ত্রণ এসেছে এই ডে আফটার টুমরোর জন্যই।


No comments:
Post a Comment