সেই ছোটবেলার রূপকথার গল্প। এক দৈত্যের দুর্গে নিজের বাবাকে খুঁজতে যায় তরুণী বেলা। বাবাকে বাঁচাতে গিয়ে সম্মুখীন হয় এক ভয়ানক দৈত্যের। এরপরই বদলে যায় প্রেক্ষাপট। একপর্যায়ে ভয় আর হিংস্রতা জয় করে ভালোবাসা। ঘটে শাপমুক্তি। পরম ভালোবাসা হিংস্র দৈত্যকে বানিয়ে দেয় পুরনো রাজপুত্র। এভাবেই এগিয়ে যেতে থাকে 'Beauty and the Beast' ছবির কাহিনী।
ছবিটি পরিচালনা করেছেন বিল কনডন। ওয়াল্ট ডিজনি পিকচার্সের প্রযোজনায় এবং পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালি পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামীকাল। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। ছবিতে বেলা চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। ছবিতে তিনি একটি গানও গেয়েছেন। সম্প্রতি 'সামথিং দেয়ার' শিরোনামের গানটির কিছু অংশ ছাড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমার গাওয়া এ গানে এখন ভক্তরা বুঁদ হয়ে আছে, বলা যায়! তার গায়কীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। শুধু ফেসবুকেই এটি দেখা হয়েছে ১ কোটি ২৫ লাখ বারের বেশি। এবারই প্রথম কোনো ছবির গান গাইলেন এমা।


No comments:
Post a Comment