সেন্সরে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী (Faruki) পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। আন্তর্জাতিকভাবে তিনদেশে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খানকে নিয়ে ‘ডুব’ নির্মাণ করে এর মধ্যেই চলচ্চিত্রটিকে আলোচনায় নিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গুঞ্জন উঠেছিল ‘ডুব’-চলচ্চিত্রটি নির্মিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনের একটি আলোচিত অধ্যায় নিয়ে।
এ ব্যাপারে স্পষ্ট না কিছু বললেও,নির্মাতার উত্তর, “ছবিটা ঘাসফড়িংয়ের আত্মজীবনী!”
চলচ্চিত্রটি মুক্তির আগে তাই খুলছে না রহস্যের জট। আর সেজন্য খুব বেশি অপেক্ষাও করতে হবে না বলেই জানালেন তিনি।
বৃহস্পতিবার গ্লিটজের সঙ্গে আলাপকালে জানালেন বিস্তারিত, “নির্মাণ শেষ হয়েছে। আগামীকাল ইন্ডিয়া যাচ্ছি। ফিরে এসেই আশা করছি আগামী ১২ অথবা ১৩ তারিখের মধ্যেই চলচ্চিত্রটি সেন্সরে জমা দিতে পারবো।”
মুক্তি নিয়ে কী পরিকল্পনা আঁটছেন নির্মাতা?
ফারুকী বললেন, “মুক্তির কী হবে তা এখনো বলতে পারছিনা। তিনদেশে চলচ্চিত্রটি মুক্তি দিতে গেলে অনেকগুলো ব্যাপার নিয়ে ভাবতে হবে। ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার আছে, টাইমিং মেলানো। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার টাইমিং, এর সঙ্গে নর্থ আমেরিকার টাইমিং মেলানোর ব্যাপার আছে। শুধু বাংলাদেশে হলে আমিতো চাই যে কালকেই ছবিটি রিলিজ দিয়ে দিতে। কিন্তু আমার এ আগ্রহ ও উত্তেজনাকে টেনে ধরতে হচ্ছে এ কারনে যেন সব জায়গায় একসঙ্গে চলচ্চিত্রটি মুক্তি পায়।আপাতত তিন দেশের কথাই ভাবছি। এটা বাড়তেও পারে কমতেও পারে।”
বাংলাদেশে চলচ্চিত্রটি পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। যৌথ প্রযোজনার চলচ্চিত্রটির প্রযোজনারও অংশীদার এ প্রতিষ্ঠান। তবে ভারত ও আন্তর্জাতিক মুক্তির জন্য নতুন পরিবেশক খুঁজছেন নির্মাতা।
এ তো গেলো ডুব প্রসঙ্গ। ‘ডুব’ নির্মাণ চলাকালীনই ফারুকী ঘোষণা দিয়েছিলেন সম্প্রতি গুলশানের ‘হলি আর্টিজান’ রেঁস্তোরায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনাকে উপজীব্য করে তিনি নির্মাণ করবেন তার পরবর্তী চলচ্চিত্র ‘হলি আর্টিজান’। কিন্তু চলচ্চিত্রটি নিয়ে এখন দ্বিধায় আছেন ‘পিঁপড়াবিদ্যা’ থ্যাত এই নির্মাতা।
গ্লিটজকে বললেন, “ ‘হলি আর্টিজান’ নিয়ে দ্বিধার মধ্যে আছি। পরিবর্তীত বিশ্ব বাস্তবতায় নানা কিছু ভাবছি। স্ক্রিপ্টেও নানা কিছু আসছে। ‘নো ল্যান্ডস ম্যান’ও মাথার মধ্যে ঘুরছে। কোনটা আগে করবো,কোনটা পরে করবো বুঝতে পারছি না।’
মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রটির চিত্রনাট্য এরইমধ্যে ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতেছে।


No comments:
Post a Comment