জ্যাকি চ্যানের বাবা নাকি তাঁকে সব সময় বলতেন, ‘সিনেমার জন্য জীবনে কম পুরস্কার তো পেলে না। কিন্তু একটা অস্কার পাবে কবে?’
সে সময় বাবার এই কথা হেসেই উড়িয়ে দিতেন চ্যান। আর বলতেন, ‘বাবা, আমি তো শুধু কমেডি-অ্যাকশন ছবিতে কাজ করি। এই করে কি আর অস্কার পাওয়া যায়?’
কিন্তু আজ থেকে ২৩ বছর আগে জ্যাকি একবার হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের বাড়িতে গিয়েছিলেন। তাকে সাজানো স্ট্যালনের রকি ছবির জন্য জেতা সেরা চলচ্চিত্রের অস্কারটি অনেকক্ষণ নেড়েচেড়েও নাকি দেখেছিলেন তিনি। তখন থেকেই মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেন, এমন একটি অস্কার পুরস্কার তাঁর চাই-ই চাই। অবশেষে এই সম্মানজনক অস্কার মূর্তিটি তাঁর হাতে এল। অভিনয়জীবনের ৫৬ বছর পার করে স্বপ্নের সেই অস্কার পেলেন তিনি। পুরস্কার পাওয়ার পর টুইটারে তিনি লেখেন, ‘আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত বোধ করছি। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি।’
গত শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অষ্টম বার্ষিক গভর্নরস পুরস্কার অনুষ্ঠিত হয়। এখানে বিশেষ সম্মানসূচক অস্কার লাভ করেন ৬২ বছর বয়সী এই অ্যাকশন অভিনেতা। অভিনয়শিল্পী টম হ্যাংকস, মিশেল ইয়ং ও ক্রিস টাকার তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
দুই শতাধিক ছবিতে অভিনয় করা এই অভিনেতা অস্কার গ্রহণ করার পর বলেন, ‘একজন চীনা হিসেবে আমি গর্বিত। ধন্যবাদ হলিউড, এত বছর ধরে আমাকে এত কিছু শেখানোর জন্য। আমাকে জনপ্রিয় বানানোর পেছেনেও হলিউডের কৃতিত্ব। এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ পিটিআই।


No comments:
Post a Comment