মুক্তি পেল কাহানি ২-এর দ্বিতীয় পোস্টার। তার জেরে আরও ঘনাল ছবির প্লট নিয়ে রহস্য। বোঝা যাচ্ছে, সিকোয়েলেও দর্শকদের টান টান উত্তেজনার মধ্যে রাখতে চলেছেন পরিচালক সুজয় ঘোষ।
কাহানি ২-এর প্লট নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। ছবির পয়লা পোস্টারে দেখা গিয়েছিল, অপহরণ ও খুনের দায়ে পুলিশের 'ওয়ান্টেড' তালিকায় নাম উঠেছে কেন্দ্রীয় চরিত্র দুর্গারানি সিংয়ের। সাম্প্রতিক পোস্টারে দুর্গারূপী বিদ্যা বালনকে হাসিমুখে দেখা যাচ্ছে। এক শিশুকন্যাকে বুকে আঁকড়ে রেখেছেন তিনি।
পোস্টার দেখে দ্বন্দ্বে পড়েছেন দর্শকরা। তাঁরা ভেবে পাচ্ছেন না, এই শিশুটিকে অপহরণ ও হত্যার দায়েই কি অভিযুক্ত দুর্গারানি? উত্তরের জন্য অন্তত ছবির ট্রেলার মুক্তির জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। কিন্তু তাতেও সদুত্তরের ইঙ্গিত না মিললে, ছবি মুক্তির জন্য প্রতীক্ষাই ভরসা।
জল্পনা চলছে, চলবে। তবে এটুকু বলাই যায় যে, দ্বিতীয় পর্বেও দর্শকদের উত্তেজনার নাগরদোলায় চাপাতে চলেছেন সুজয়-বিদ্যা জুটি। রহস্য ও থ্রিলারে মোড়া দুর্দান্ত প্যাকেজের জন্য অতএব শুরু হয়েছে কাউন্টডাউন।


No comments:
Post a Comment