কে এই ফাওয়াদ খান, যাঁর জন্য দিতে হল পাঁচ কোটি টাকার মুচলেকা? আর তোলপাড় হল গোটা দেশ। লিখছেন ইন্দ্রনীল রায় ও সায়ন আচার্য তাঁর সঙ্গে স্রেফ একটা সেলফি তোলার জন্য মুম্বই থেকে নিউ ইয়র্ক উড়ে গিয়েছিলেন রণবীর কপূরের মা নীতু কপূর! সঞ্জয় লীলা বনশালির পরের ছবি ‘পদ্মাবতী’তে তাঁকে নেওয়ার সুপারিশ করেছিলেন বলেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাকি ঝামেলা রণবীর সিংহ-র।
‘কপূর অ্যান্ড সন্স’য়ে তাঁর অভিনয় দেখে প্রথম যিনি টুইট করেন, সেই ভদ্রলোকের নাম অমিতাভ বচ্চন! তাঁর পাকিস্তানি সিরিয়াল ‘জিন্দেগি গুলজার হ্যায়’-তে তাঁকে দেখার জন্য নিয়মিত লম্বা শ্যুটিং ব্রেক নিতেন প্রিয়ঙ্কা চোপড়া! এবং বলিউডে কান পাতলেই শুনতে পাবেন এই প্রজন্মের মেয়েদের কাছে সবচেয়ে ‘গুড লুকিং পাকিস্তানি’ হিসেবে ইমরান খান কিংবা ওয়াসিম আক্রমকে মাইলখানেক পিছনে ফেলে দিয়েছেন তিনি।
এমনকী, যখন তিনি মুম্বইতে ছিলেন, সে সময় ফাওয়াদ খানের ইন্টারভিউয়ের সময় রীতিমতো বাউন্সারের ব্যবস্থা করতে হতো প্রযোজককে, শুধুমাত্র মহিলা সাংবাদিকদের থেকে তাঁকে বাঁচাতে। ফাওয়াদ আফজল খান! পাকিস্তানি সুপারস্টার। বলিউডের হার্টথ্রব।
এবং এই মুহূর্তে তাঁকে ঘিরেই উত্তাল গোটা দেশ — ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ রিলিজের আগে বিতর্কের কেন্দ্রে তিনিই। এমএনএস-য়ের পাকিস্তান-বিরোধী হাওয়ায় ইতিমধ্যেই চুপিসারে দেশ ছেড়েছেন, এবং চাপের মুখে পড়ে পরিচালক কর্ণ জোহরও বলতে বাধ্য হয়েছেন, এর পর আর কোনও পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করবেন না।
তবু, ফেসবুক, টুইটার খুললে তাঁর অগুন্তি ভক্তদের পোস্ট — ‘ফিরে এসো ফাওয়াদ’। বছর দুয়েক আগে যখন প্রথম বার ভারতীয় দর্শকদের সামনে টিভির পর্দায় হাজির হয়েছিলেন ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নিয়ে, তখনও কেউ ভাবতে পারেনি পরবর্তী দেড় বছরে এই রকম জনপ্রিয়তার শিখরে পৌঁছবেন ফাওয়াদ।


No comments:
Post a Comment