নাটক-সিনেমায় বিচিত্র চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথমবারের মত পারফিউম ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাকে। ওই সিনেমায় বেশ শক্তিশালী ভূমিকায় থাকছেন বলে জানালেন জয়া।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শবরকে নিয়ে ‘ঈগলের চোখ’ পরিচালনা করেছেন অরিন্দম শীল। এর আগে একই চরিত্রকে নিয়ে ‘এবার শবর’ নির্মাণ করে প্রশংসা পান এ নির্মাতা। সম্প্রতি ‘ঈগলের চোখ’-এর প্রচারণামূলক একটি ভিডিওতে অংশ নেন জয়া। সেখানে বলেন, ‘আমার চরিত্রের নাম শিবাঙ্গি। এমনিতে সে একজন গৃহবধূ, সেই সঙ্গে পারফিউম ব্যবসায়ী।’
গল্পকে মূল আকর্ষণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জন্য এটা একটা মজার চরিত্র। অভিনয় করতে ভাল লেগেছে। (আগে) এর কাছাকছি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি মেলে ধরলে বোঝা যায় এটা একটা শক্তিশালী চরিত্র। আপনারা এর মধ্যে ট্রেলার দেখেছেন। আমার ভীষণ ভাল লেগেছে। সবাই প্রশংসা করছে। ছবিটি এর চেয়েও অনেক সুন্দর— খাঁটি বিনোদন যাকে বলে।’
‘এবার শবর’-এর মতো নতুন সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আরো আছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী ও দেবপ্রসাদ হালদার।
পশ্চিমবঙ্গে শুক্রবার মুক্তি পেল ‘ঈগলের চোখ’। একইদিন মুক্তি পেয়েছে শাকিব খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’। সামনে বাংলাদেশ-ভারতের বেশকিছু সিনেমায় দেখা যাবে জয়াকে। সম্প্রতি সরকারি অনুদান পাওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘দেবী’ সিনেমায় নায়িকা ও প্রযোজক হিসেবে পাওয়া যাবে তাকে।


No comments:
Post a Comment