২৫ মে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঘরোয়া পরিবেশে গায়ে হলুদ ও বিয়ের ওই আয়োজনেই জানিয়ে দেয়া হয়েছিল একটি আনুষ্ঠানিক আয়োজনের কথা। এবারে দুই পরিবারের যৌথ আয়োজনে ২০ জুলাই রাতে সম্পন্ন হবে সেই আনুষ্ঠানিকতা।
মাহি বলেন, মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছি। এবার আমার সহকর্মী, আত্মীয়স্বজনসহ সবার জন্য ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। এরপর ২৪ জুলাই সিলেটে বড় করে আরেকটি অনুষ্ঠান করা হবে। এবারই প্রথম শ্বশুরবাড়িতে আমাকে উঠিয়ে নেয়া হচ্ছে। তাই শুটিং আপাতত করব না। একমাসের ছুটি নিয়েছি। এরই মধ্যে বন্ধু ও স্বজনদের হাতে হাতে পৌঁছে গেছে ঢালিউড নায়িকা মাহির বিয়ের নিমন্ত্রণপত্র।
পাত্র পারভেজ মাহমুদ অপু ও পাত্রী শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি। তাদের বিয়ে উপলক্ষে ২০ জুলাই বুধবার রাতে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকার একটি বড় কনভেনশন সেন্টারে। নজরকাড়া নিমন্ত্রণপত্রে রয়েছে পাত্র-পাত্রীর ছবি। ভেতরে আলাদা একটি চিঠিতে বাংলা হরফে আমন্ত্রণ জানিয়েছেন অভিভাবকেরা।
আনুষ্ঠানিক বিয়ের পর বরের সঙ্গে তিনি যাবেন শ্বশুরবাড়ি সিলেটে। কিছুদিন সেখানে থেকে মধুচন্দ্রিমায় যাবেন যুক্তরাষ্ট্রে। এদিকে মাহি বর্তমানে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে কাজ করছেন। এ ছবিটি পরিচালনা করছেন শাহনেওয়াজ শানু।


No comments:
Post a Comment