দেবাশীষ বিশ্বাস ঘোষণা দিয়েই তামিল ছবির অনুকরণ করছেন।।শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’ এই তিনটি সিনেমা নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিনটি সিনেমাই ভারতীয় চলচ্চিত্রের নকল হিসেবে নিন্দিত হয়। দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
‘হিরোগিরি’ শিরোনামের নতুন এ সিনেমাটি একটি তামিল ছবির নকল। আগামী ৪ নভেম্বর ইমন সাহার সঙ্গীতে কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীরের কণ্ঠে একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
১৯৮৩ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘হিম্মতওয়ালা’র অনুকরণে তৈরি হবে দেবাশীষের নতুন ছবি ‘হিরোগিরি’। এরই মধ্যে চিত্রনাট্যের কাজও প্রায় শেষ করেছেন তিনি।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে দেবাশীষ বলেন, ‘আমি ঘোষণা দিয়েই তামিল ছবির অনুকরণ করছি। এখানে লুকোচুরির কিছু নেই। গল্পের কপিরাইট নিয়েই কাজ করছি। অন্যদের মতো চুরি করে কিছু করার ইচ্ছা নেই।’
তামিল গল্পের সঙ্গে আমাদের দেশের প্রেক্ষাপট এক নয় এবং তাদের বাজেটের কারণে মেকিং অনেক উন্নত হওয়ায় আমাদের নকল ছবি দেখলে দর্শকের হাসির খোরাক হয়। এই ছবির অবস্থা কোন পর্যায়ে থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই গল্পটা সাধারণ একটা শহরের গল্প। এখানে আমাদের দেশের গল্পের সঙ্গে মিল আছে, বাকিটা যে কারণে আমি এই গল্পটা নিয়ে কাজ করছি। আর মেকিংয়ের কথা বলছি যে, কোনো কারণে মনে হবে না যে আমার ছবির মেকিং ভালো নয়। কারণ তামিল মূল ছবির বাজেটও খুব বেশি ছিল না। কারণ গল্পটাই ছোট একটা শহরের। আমাদের গল্প এবং নির্মাণ দেখে কেউ বলতে পারবে না যে এটার মেকিং ভালো নয়।’
‘হিম্মতওয়ালা’ নামে ২০১৩ সালে তামিল এই ছবিটির একটি হিন্দি রিমেক করেছিলেন পরিচালক সাজিদ খান। কিন্তু সেই ছবিটি শোচনীয়ভাবে ফ্লপ হয়। বলা হয়ে থাকে, অজয় দেবগন অভিনীত সবচেয়ে বাজে সিনেমা ‘হিম্মতওয়ালা’। এতে অজয়ের বিপরীতে ছিলেন তামিল নায়িকা তামান্না ভাটিয়া।
দেবাশীষ বিশ্বাসের ‘হিরোগিরি’তে নায়ক হিসেবে দেখা যাবে শাকিব খানকে। এমনটি জানিয়েছেন পরিচালক। তবে নায়িকা কে হবেন বা অন্য আর কে এই ছবিতে কাজ করবেন এ বিষয়ে এখনই কিছু জানাননি তিনি। তবে খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।


No comments:
Post a Comment