Kareena Kapoor Khan খুব শিগগির ‘ভিরে দি ওয়েডিং’ ছবির কাজ শুরু করবেন। সন্তান জন্মের পর শরীরের বাড়তি মেদ ঝরাতে তাই তিনি নিয়মিত শরীরচর্চা করছেন। স্বামী সাইফ আলী খান আছেন নতুন ছবি ‘শেফ’-এর কাজ নিয়ে। তাই তাঁদের ছেলে তৈমুর আলী খান এখন মা-বাবার সঙ্গ একটু কমই পাচ্ছে।
তাই বলে তার বেড়ানো কিন্তু বন্ধ নেই। গত শনিবার আয়ার সঙ্গে মুম্বাইয়ে দাদি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বাড়িতে ঘুরে এসেছে ছোট্ট তৈমুর। আর সেখানে তৈমুরের একটি ছবি প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়।
‘সাইফিনা’ দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে তাঁদের ছেলের কোনো ছবি প্রকাশ করেননি। কিন্তু জন্মের কয়েক দিনের মধ্যেই নবজাতকের ছবি ফাঁস হয়ে যায়। এরপর থেকে পাপারাজ্জিরা ওত পেতে থাকেন। তৈমুরকে কোথাও একটু দেখা গেলেই তাঁরা তাকে ফ্রেমবন্দী করে ফেলেন। আর ‘ছোট নবাব’-এর সেই ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগে না। গত মঙ্গলবার বাড়ির বেলকনিতে দোলনায় বসে আরামসে দোল খাচ্ছিল তৈমুর। পাপারাজ্জিরা সেই ছবিও তুলে এনেছে। তবে ‘সাইফিনা’-পুত্রের চাহনি দেখে মনে হচ্ছে, এখনই ক্যামেরায় পোজ দেওয়া শিখে গেছে সে! এই না হলে তারকার সন্তান!
তবে তৈমুর দেখতে মায়ের মতো হয়েছে, না বাবার মতো? এ নিয়ে তর্ক চলতে পারে। তর্ক চলে কারিনা-সাইফের মধ্যেও। সাইফ বলেন, ছেলে দেখতে ‘পতৌদি’ খানদানের লোকদের মতো। কিন্তু কারিনা তা মানতে নারাজ। তাঁর ভাষ্য, ‘তৈমুর সমুদ্রের মতো নীল চোখ পেয়েছে আমার দাদা রাজ কাপুর ও বোন কারিশমার থেকে, যা এক কথায় অসাধারণ।’
বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খান বিয়ে করেন ২০১২ সালে। তাঁদের জীবনে তৈমুর আসে গত ডিসেম্বরে।


No comments:
Post a Comment