বাংলাদেশের নৃত্যাঙ্গনে পরিচিত মুখ Mahbuba Mahanur Chandni। শুধু অভিনয় নয়; শাশ্বত বাঙালি নারীর সাজে মঞ্চে তিনি ফুটিয়ে তোলেন বাংলাদেশের ঐতিহ্যনির্ভর বিভিন্ন নৃত্য। লোকনৃত্যে দক্ষ হলেও এক সময় তিনি স্বপ্ন দেখতেন শাস্ত্রীয় কত্থক নৃত্য নিয়ে। সম্প্রতি দীর্ঘ দিন পর মৈমনসিংহ গীতিকা অবলম্বনে 'নৃত্যলোক' প্রযোজিত 'মহুয়া' নৃত্যনাট্যে অংশ নিয়েছেন তিনি। নৃত্যগুরু কবিরুল ইসলাম রতনের নির্দেশনায় লোকজ এ নৃত্যনাট্যে বাইদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চাঁদনী। এ নৃত্যনাট্যের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের যাপিত স্বপ্ন সত্যি হলো এ অভিনেত্রীর।
এ মুহূর্তে অভিনয়ের চেয়ে নাচ নিয়েই চাঁদনীর ব্যস্ততা বেশি। এ প্রসঙ্গে চাঁদনী জানান, 'গত বছর নাটকে কাজ করায় নাচে তেমন সময় দিতে পারিনি। একসঙ্গে বেশি নাটকে কাজ করাও আমার কাছে বিড়ম্বনা মনে হয়। যে কারণে বছরখানেকের জন্য একটা বিরতি নিলাম। এ সময়ে কেবল নাচ আর পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। এখন আবার নিয়মিত অভিনয় করছি।'
চাঁদনী অভিনীত 'হাউজওয়াইভস' প্রচার হচ্ছে মাছরাঙ্গা টিভিতে। এ নাটকে তাকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে। দাম্পত্য কলহে ইন্ধন জোগানোর নানা কায়দা আবিষ্কার করেন তিনি। নাটকের পাশাপাশি নির্মাতা আকরাম খানের 'খাঁচা' চলচ্চিত্রের একটি অতিথি চরিত্রেও অভিনয় করেছেন চাঁদনী। বরেণ্য লেখক হাসান আজিজুল হকের লেখা দেশভাগের সময়কার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত। চলতি বছরের শেষদিকে ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি। চলচ্চিত্র প্রসঙ্গে চাঁদনী বলেন, "হাসান আজিজুল হক আমার খুবই প্রিয় একজন লেখক। তার অনেক লেখা পড়েছি। প্রিয় লেখকের গল্প নিয়ে নির্মিত ছবিতে কাজ করা আমার জন্য অনেক আনন্দের। 'জয়যাত্রা'র পর এ রকম একটি ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।"
চাঁদনী জানান, আসছে ঈদে একাধিক নাটকে অভিনয়ের ব্যাপারে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন তিনি। একটি নাটকে তিনি অভিনয় করবেন সাংবাদিক চরিত্রে। এরই মধ্যে জয়পুরহাটের বিভিন্ন জায়গায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয়ও করেছেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা সজল। তবে আসছে ঈদে অভিনয়ের পাশাপাশি একাধিক নাচের অনুষ্ঠানেও অংশ নেবেন চাঁদনী। তিনি জানান, ঈদের অনুষ্ঠানের মাধ্যমেই এবার কাজ শুরু করেছেন তিনি। এশিয়ান টিভির জন্য এক বিশেষ নৃত্যানুষ্ঠানে দেখা যাবে তাকে। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে এর দৃশ্যধারণ কাজ শেষ হয়েছে। বাংলাদেশ টেলিভিশিনের একাধিক নাচের অনুষ্ঠানেও এবার অংশ নেবেন তিনি। চাঁদনী জানান, নাচের অনুষ্ঠান শুরু করলেও খুব বেশি টেলিভিশন নাটকে এবার অভিনয় করবেন না। এরই মধ্যে বেশকিছু চিত্রনাট্য হাতে রয়েছে তার। ভালো গল্প ও চরিত্র পেলেই সেগুলো চূড়ান্ত করবেন। এক সময় অভিনয় নিয়ে সারাদিন মেতে থাকলেও এবার পরিবারের প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন তিনি। স্বামী বাপ্পা মজুমদারকে তিনি দেখেন বন্ধুর মতোই। দু'জনের ব্যস্ততা দুই রকম হলেও এবার দেশের বাইরে সবাইকে নিয়ে ঘুরে এসেছেন তারা। নিজের একান্ত এ সময় নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের অন্য নারীদের তুলনায় আমি স্বাধীনতা যেমন বেশি পেয়েছি, সবার সহযোগিতাও পেয়েছি। সবার ভালোবাসায় আজকের চাঁদনী আমি।'


No comments:
Post a Comment