একসময় মঞ্চে টুকটাক গান গাইতেন কুসুম শিকদার। প্রকাশিত হয়েছিল তাঁর তিনটি গানের অ্যালবামও। এরপর পেরিয়ে গেছে ১৫ বছর। গত শুক্রবার রাতে ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আবারও গান গাইতে দেখা গেছে তাঁকে। সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেদিন তিনি গেয়েছেন নজরুলের ‘মোর না মিটিতে আশা ভাঙিল খেলা’ গানটি।
বছর খানেক আগে প্রথম আলোর সঙ্গে আলাপে কুসুম শিকদার জানিয়েছিলেন, তিনি গানে মনোযোগী হবেন। এটি তারই ধারবাহিকতা কি না জানতে চাইলে কুসুম বলেন, ‘তেমনটাই বলতে পারেন। আমি তো অভিনয় খুব বেশি করি না। ভালো গল্প আর পছন্দের নির্মাতা না হলে নাটক করা হয় না। আমি গান নিয়ে ভাবছি। গানের রেওয়াজও করছি। চ্যানেল আই থেকে যখন আমাকে নজরুলের গানটি গাওয়ার প্রস্তাব দেওয়া হয়, তা লুফে নিই। আমি যে অনুষ্ঠানে গান গেয়েছি, সেখানে সবাই ছিলেন সংগীতজগতের গুণী মানুষ। মঞ্চ থেকে গানটি গেয়ে নামার সময় অনেকেই গায়কির প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা বলতে পারেন।’
উল্লেখ্য, কুসুম শিকদার সর্বশেষ ২০০০ সালে মঞ্চে গান গেয়েছিলেন। এরপর তিনি অভিনয়ে ব্যস্ত হওয়ার কারণে গানে নিয়মিত হননি। কুসুমের গাওয়া একক অ্যালবামটি ‘তুমি আজ কত দূরে’। আর মিশ্র অ্যালবাম দুটি হচ্ছে ‘অদল বদল’ ও ‘জীবনের যত চাওয়া’। নজরুল একাডেমীতে ১৩ বছর গানের তালিম নিয়েছেন কুসুম শিকদার। ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে তিনি উচ্চাঙ্গসংগীত আর ওস্তাদ মোরশেদের কাছে নজরুলসংগীতে তলিম নিয়েছেন।

No comments:
Post a Comment