‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’-এ লেক্স লুথার চরিত্রে দুই সুপারহিরোকে ভালোই তাড়া করেছেন জেস আইজেনবার্গ। এবার একই চরিত্রে ফিরছেন ‘জাস্টিস লিগ’ সিনেমায়। লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত কমিক-কনে ‘জাস্টিস লিগ’ অন্তর্ভুক্তির খবরটি জানান এ সুপারভিলেন।
তিনি জানান, নতুন সিনেমাটিতে অভিনয়ের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। তবে সিনেমা বা নিজের চরিত্র সম্পর্কে কিছুই বলতে চান না। কারণ ভয়ে আছেন। জেস মজা করে জানান, ডিসি কমিকস কোন কথায় কী মনে করে— জানেন না। মনে হচ্ছে সবসময় কিছু ড্রোন তাকে অনুসরণ করছে। কথাবার্তায় ভুল হলেই ‘জাস্টিস লিগ’ থেকে বাদ পড়বেন।
তবে জানাতে ভুলেননি একদল মেধাবী কুশলী সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছেন। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর মতোই ‘জাস্টিস লিগ’ পরিচালনা করবেন জ্যাক স্নাইডার। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০১৭ সালের ১৭ নভেম্বর, দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০১৯ সালের ১৪ জুন।
হেনরি ক্যাভিল (সুপারম্যান), বেন অ্যাফ্লেক (ব্যাটম্যান), গল গাডেট (ওয়ান্ডার ওম্যান) ও জ্যাসন মোমোয়া (অ্যাকুয়াম্যান)-সহ অনেক জনপ্রিয় তারকাই এ ছবিতে সুপারহিরোর পোশাক গায়ে জড়াবেন। আর তাদের নাকানি-চুবানি খাওয়ানোর ভার অনেকটাই পাচ্ছেন জেস আইজেনবার্গ। সুতরাং, বুঝতেই পারছেন— কী অবস্থা যাচ্ছে! খুশিতে ডগমগ অবস্থা, কিন্তু মুখ খুলতে পারছেন না।


No comments:
Post a Comment